কোচবিহার: সাম্রাজ্যবাদ বিরোধী, শান্তির পক্ষে এবং যুদ্ধবিরোধী দিবস উপলক্ষে কোচবিহার সদরের বামপন্থী দলসমূহের উদ্যোগে সোমবার কোচবিহার শহরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।
এদিন মিছিলটি কোচবিহার শহরের ঘাস বাজার এলাকা থেকে শুরু হয়ে কাছারি মোড়, হরিশপাল চৌপথি, হাসপাতাল চৌপথি ও বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে পুনরায় হরিশপাল চৌপথি হয়ে মিছিলটি ঘাস বাজার এলাকায় এসে শেষ হয়।
মিছিল থেকে যুদ্ধের বিরুদ্ধে সরব হয়ে একাধিক দাবি তুলে ধরেন অংশগ্রহণকারীরা। তাঁদের বক্তব্য, “যুদ্ধ নয়, কাজ চাই; যুদ্ধ নয়, খাদ্য চাই; যুদ্ধ নয়, নিরাপত্তা চাই।” পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক ও সুষ্ঠু জীবনযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
বামপন্থী নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যুদ্ধের ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মানুষকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এই মিছিল থেকে।
সংগঠকদের দাবি, যুদ্ধ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং বিশ্বশান্তির পক্ষে জনমত গড়ে তোলার উদ্দেশ্যেই এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়।
