দার্জিলিঙের ঐতিহ্যবাহী চৌরাস্তায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নবম সরস মেলার। বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, মন্ত্রী শান্তনু প্রামাণিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুডস মিশন (WBSRLM)-এর উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি সামগ্রীকে বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়া এবং গ্রামীণ শিল্প ও হস্তশিল্পের প্রসার ঘটানোই এই মেলার মূল লক্ষ্য।
মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা-সহ অন্যান্য রাজ্য থেকে আসা শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাঁদের হাতে তৈরি সামগ্রী, হস্তশিল্প, তাঁতজাত পণ্য এবং বিভিন্ন গ্রামীণ উৎপাদিত সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। এই মেলাকে কেন্দ্র করে একদিকে যেমন স্থানীয় ও গ্রামীণ শিল্পের প্রচার ঘটছে, অন্যদিকে তেমনই শিল্পীদের নিজেদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রির সুযোগ তৈরি হয়েছে।
আয়োজকদের আশা, সরস মেলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি তাঁদের উৎপাদিত সামগ্রীর বিপণনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। দার্জিলিঙে আগত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কাছে নবম সরস মেলা বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।
