সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসায় জোর, PM-RAHAT ও RAH-VEER নিয়ে বিশেষ বৈঠক কোচবিহারে
সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা এবং দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে সাধারণ মানুষের ভূমিকা আরও বাড়াতে PM-RAHAT ও RAH-VEER প্রকল্প নিয়ে বিশেষ বৈঠক করল কোচবিহার জেলা পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ও স্বাস্থ্য দপ্তর। শনিবার দুপুরে কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন DSP ট্রাফিক বিক্রম প্রসাদ, জেলাশাসক দপ্তরের আধিকারিক, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকসহ ট্রাক অ্যাসোসিয়েশন, বাস অ্যাসোসিয়েশন এবং ই-রিকশা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
মূলত, PM-RAHAT প্রকল্পের আওতায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ক্যাশলেস চিকিৎসার সুবিধা এবং দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, RAH-VEER উদ্যোগের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্য করা এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার ক্ষেত্রে চালক ও সাধারণ মানুষের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশের পক্ষ থেকে পরিবহন সংগঠনগুলির প্রতিনিধিদের এই দুই উদ্যোগ সম্পর্কে সচেতন করার পাশাপাশি বাস ও ট্রাক চালকদের মধ্যেও বিষয়গুলি ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়। দুর্ঘটনার পর সময় নষ্ট না করে দ্রুত আহতদের সাহায্যে এগিয়ে আসা এবং তাঁদের হাসপাতালে পৌঁছে দেওয়ার মাধ্যমে কীভাবে একটি জীবন বাঁচানো সম্ভব, সেই বার্তাই তুলে ধরা হয় বৈঠকে।
প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনার পর ‘গোল্ডেন আওয়ারের’ মধ্যে আহতদের চিকিৎসার আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চালক, পরিবহনকর্মী এবং সাধারণ মানুষকে আরও সচেতন করে দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত সহায়তার ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
