সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে রয়েছে একটি ছোট মালবাহী চারচাকা গাড়ি। এর জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। ঘটনাটি কোচবিহারের হরিণচড়া বাণী নিকেতন বিদ্যালয়ের সামনের যাত্রী প্রতীক্ষালয়ের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়ের সামনেই থাকা সরকারি এই যাত্রী প্রতীক্ষালয়ে দীর্ঘদিন ধরে একটি ছোট মালবাহী গাড়ি পার্ক করে রাখা হয়েছে। ফলে প্রতীক্ষালয়ের অধিকাংশ অংশ ব্যবহার করতে পারছেন না যাত্রীরা। বিশেষ করে বিদ্যালয় ছুটির সময় সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়ারা।
জানা যায়, অনেক ছাত্রীর বাড়ি বিদ্যালয় থেকে বেশ কিছুটা দূরে। স্কুল ছুটির পর টোটো বা অন্যান্য যানবাহনের জন্য তাদের এই যাত্রী প্রতীক্ষালয়ে অপেক্ষা করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতীক্ষালয়টি গাড়ি দিয়ে দখল করে রাখায় রোদ-বৃষ্টির মধ্যেই রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহনের অপেক্ষা করতে হচ্ছে তাদের।
এদিন কয়েকজন স্কুল পড়ুয়া অভিযোগ করে জানায়, দীর্ঘদিন ধরে গাড়িটি যাত্রী প্রতীক্ষালয়ের জায়গা দখল করে রয়েছে। ফলে প্রতীক্ষালয়ে বসার সুযোগ না পাওয়ায় তাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে এনে দ্রুত গাড়িটি সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তারা।
স্কুল পড়ুয়াদের দাবি, সরকারি যাত্রী প্রতীক্ষালয় যাত্রীদের ব্যবহারের জন্য তৈরি। সেখানে দীর্ঘদিন ধরে একটি মালবাহী গাড়ি পার্ক করে রাখা হলে সাধারণ মানুষের ব্যবহারে সমস্যা তৈরি হয়। তাই অবিলম্বে গাড়িটি সরিয়ে প্রতীক্ষালয়টি যাত্রীদের ব্যবহারের উপযোগী করার পাশাপাশি, সরকারি জায়গা এভাবে দখল করে রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
