জামাই বাজারে জলের লাইন ফেটে বিপত্তি, দীপার উদ্যোগে ৪৫ মিনিটেই ঘটনাস্থলে প্রশাসন

admin

প্রতিদিনের মতো জনসংযোগে বেরিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন বিজেপি নেত্রী তথা জেলা সহ-সভাপতি দীপা চক্রবর্তী। বুধবার কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি চলাকালীন জামাই বাজার সংলগ্ন এলাকায় রাস্তার কাজের সময় জলের লাইন ফেটে যাওয়ার কারণে বেশ কয়েকটি পরিবার সমস্যায় পড়েছে বলে জানতে পারেন তিনি।

অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন দীপা চক্রবর্তী। তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন কোচবিহারের প্রাক্তন বিধায়ক নিখিল রঞ্জন দে। ঘটনাস্থল থেকেই দীপা চক্রবর্তী ফোনে PWD কর্তৃপক্ষ এবং পৌরসভার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

জানা যায়, যোগাযোগের প্রায় ৪৫ মিনিটের মধ্যেই PWD-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সহ পৌরসভার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা এলাকা পরিদর্শন করে ফেটে যাওয়া জলের লাইনের পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপরই শুরু হয় ক্ষতিগ্রস্ত জলের লাইন মেরামতের কাজ।

প্রশাসনিক তৎপরতায় দ্রুত কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একাংশের দাবি, এর আগে বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস মিললেও অনেক ক্ষেত্রেই দ্রুত পদক্ষেপ করা হয়নি। তবে এবার সমস্যার কথা জানানো মাত্রই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করায় তাঁরা সন্তুষ্ট।

এক স্থানীয় বাসিন্দা জানান, এত দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে, তা তাঁরা ভাবতে পারেননি। সাধারণ মানুষের সমস্যার কথা শুনে দীপা চক্রবর্তী যেভাবে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ করেছেন, তারও প্রশংসা করেন তিনি।

দীপা চক্রবর্তীর এই উদ্যোগ এবং প্রশাসনিক তৎপরতায় আপাতত স্বস্তি ফিরেছে জামাই বাজার সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। এলাকাবাসীর আশা, দ্রুত মেরামতির কাজ শেষ হলে স্বাভাবিক হবে জল পরিষেবা।

Share This Article
Leave a comment