পুজোর আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় আসছে ১৫০ নতুন বাস, জানালেন পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন

admin

পুজোর আগেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (NBSTC) হাতে আসতে চলেছে ১৫০টি নতুন বাস। পাশাপাশি দীর্ঘদিন ধরে থাকা কর্মী-শূন্যপদ পূরণেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবার কোচবিহারের পরিবহণ ভবনে যান আনন্দময় বর্মন। সেখানে সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরিবহণ পরিষেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। বৈঠকে নতুন বাস পরিষেবা চালু, ডিপোগুলির পরিকাঠামো উন্নয়ন এবং দীর্ঘদিনের কর্মী-শূন্যপদ পূরণের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণ প্রতিমন্ত্রী জানান, উত্তরবঙ্গের পরিবহণ পরিষেবাকে আরও উন্নত ও গতিশীল করাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যেই পুজোর আগে ১৫০টি নতুন বাস সংস্থার হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ডিপোর সংস্কার এবং প্রয়োজনীয় কর্মী নিয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে, বাসভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হওয়া জল্পনায় আপাতত ইতি টানেন মন্ত্রী। তিনি জানান, পুজোর আগে বাসভাড়া বাড়ানো হচ্ছে না। তবে পুজোর পর পরিস্থিতি এবং সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা করে ভাড়া বৃদ্ধির বিষয়ে পরবর্তী সময়ে চিন্তাভাবনা করা হবে।

পরিবহণ পরিষেবার মানোন্নয়ন, নতুন বাস সংযোজন এবং কর্মী নিয়োগের মাধ্যমে উত্তরবঙ্গের যাত্রী পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পরিবহণ প্রতিমন্ত্রী।

Share This Article
Leave a comment