চার মাস ধরে বেতন বন্ধ, জেলা শাসকের দ্বারস্থ জলপথ সমবায়ের কর্মচারীরা

admin

কোচবিহার শহরের ফাঁসির ঘাট এলাকায় তোরসা নদী পারাপার পরিষেবার সঙ্গে যুক্ত জলপথ সমবায় পরিবহন সমিতির কর্মচারীরা তাঁদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা শাসকের কাছে দাবি পত্র তুলে দিলেন।

উল্লেখ্য, কোচবিহার শহরের ফাঁসির ঘাট এলাকায় তোরসা নদীর উপর বাসের মাধ্যমে পারাপার পরিষেবা এবং বর্ষাকালে নৌকোয় যাত্রী পারাপারের দায়িত্বে দীর্ঘদিন ধরে ছিল কোচবিহার জলপথ সমবায় পরিবহন সমিতি। এই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন একাধিক কর্মচারী।

কর্মচারীদের অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পর ওই সমিতি বাতিল হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে সমিতির কোনও কমিটি গঠন করা হয়নি। ফলে সমিতির অধীনে কর্মরত কর্মচারীরা চরম সমস্যার মধ্যে পড়েছেন।

তাঁদের দাবি, গত প্রায় চার মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। বেতন না পাওয়ায় পরিবার চালানো কার্যত কঠিন হয়ে উঠেছে বলে অভিযোগ কর্মচারীদের।

এই পরিস্থিতিতে অবিলম্বে বকেয়া বেতন প্রদান এবং পুনরায় কোচবিহার জলপথ সমবায় পরিবহন সমিতির নতুন কমিটি গঠনের দাবিতে এদিন তাঁরা কোচবিহারের জেলা শাসকের কাছে একটি দাবি পত্র জমা দেন।

কর্মচারীরা জানান, তাঁদের সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তাঁরা।

Share This Article
Leave a comment