কোচবিহার: কোচবিহার শহরের একাধিক এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে PWD দফতরের দ্বারস্থ হলেন প্রাক্তন বিধায়ক নিখিল রঞ্জন দে। তাঁর অভিযোগ, শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষার পর পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ায় প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। পাশাপাশি, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।
এই পরিস্থিতিতে PWD-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির বর্তমান পরিস্থিতি তুলে ধরেন নিখিল রঞ্জন দে। দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার দাবি জানান তিনি।
নিখিল রঞ্জন দে-র দাবি, PWD-এর পক্ষ থেকে আগামী ১০ অক্টোবরের মধ্যে, অর্থাৎ পুজোর আগেই, বেহাল রাস্তাগুলির সংস্কারের কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে।
শহরের রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিনই সমস্যায় পড়ছেন পথচারী, টোটো ও অটোচালক থেকে শুরু করে সাধারণ শহরবাসী। বিশেষ করে বর্ষার পরে বিভিন্ন রাস্তার গর্ত ও ভাঙাচোরা অংশে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনই দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
সামনেই পুজোর মরশুম। এই সময় শহরে মানুষের ভিড় ও যানবাহনের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে তার আগে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ না হলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা শহরবাসীর।
এখন PWD-এর দেওয়া সময়সীমা অনুযায়ী ১০ অক্টোবরের মধ্যে রাস্তা সংস্কারের কাজ বাস্তবে কতটা এগোয় এবং সম্পূর্ণ হয় কি না, সেদিকেই নজর কোচবিহার শহরবাসীর।
