নকল সিগারেট বিক্রির অভিযোগে ভবানীগঞ্জ বাজারে অভিযান, বাজেয়াপ্ত একাধিক প্যাকেট

admin

নকল সিগারেট বিক্রির অভিযোগকে কেন্দ্র করে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে অভিযান চালাল হায়দরাবাদ থেকে আসা একটি বিশেষ দল। আদালতের নির্দেশে বাজারের দুটি দোকানে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক প্যাকেট সিগারেট। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাজার এলাকায়।

জানা গিয়েছে, একটি নামী সিগারেট প্রস্তুতকারী সংস্থার অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদের একটি আদালত তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী, হায়দরাবাদের লোকাল কমিশনারের প্রতিনিধি হিসেবে আইনজীবী বালু ও আইনজীবী খুশি পান্ডের নেতৃত্বে একটি দল কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে পৌঁছয়। এরপর বাজারের দুটি দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু সিগারেটের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়। দলের সদস্যদের দাবি, মোট তিনটি স্থানে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, নিজের দোকানে অভিযান প্রসঙ্গে ব্যবসায়ী নিতাই দাস জানান, তিনি হকারদের কাছ থেকে সিগারেট কিনে বিক্রি করেন। সেগুলি নকল কি না, সে বিষয়ে তাঁর কোনও ধারণা ছিল না বলেও দাবি করেন তিনি।

নকল সিগারেট বিক্রির অভিযোগে আদালতের নির্দেশে এই অভিযানকে ঘিরে এখন সরগরম ভবানীগঞ্জ বাজার। তবে বাজেয়াপ্ত সিগারেটগুলি নকল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Share This Article
Leave a comment