প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা কোচবিহারের হাজরাপাড়া এলাকায়। এক তরুণীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন ওই তরুণী। আহত হয়েছেন অভিযুক্ত যুবকও। বর্তমানে দুজনেই কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, হাজরাপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে মা ও ছোট শিশুকে নিয়ে থাকতেন ঝিলিক বর্মন। দীর্ঘদিন ধরে হামিদুল হক নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবারের দাবি। তবে সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। সেই কারণে দুজনের মধ্যে অশান্তিও হতো বলে জানা গিয়েছে।
অভিযোগ, শুক্রবার সকাল প্রায় আটটা নাগাদ ওই ভাড়া বাড়িতে ঢোকে হামিদুল। সেখানে ঝিলিকের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপর হামিদুল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় অভিযুক্ত যুবকের শরীরেও আগুন লেগে যায় বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে দুজনকেই উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দুজনেরই চিকিৎসা চলছে।
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল এবং ঘটনার পিছনে ঠিক কী রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
