ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে জিরো পয়েন্টে কৌশিকী অমাবস্যা উপলক্ষে অনুষ্ঠিত হল ছিন্নমস্তা মায়ের ঐতিহ্যবাহী পুজো। এবছর ৪৮তম বর্ষে পদার্পণ করা এই পুজো ঘিরে রেকর্ড সংখ্যক ভক্তের সমাগমে উপচে পড়ে মন্দির চত্বরে।
বিকেল থেকেই বৈধ পরিচয়পত্র দেখিয়ে কাঁটাতার পেরিয়ে মায়ের দর্শনে আসতে শুরু করেন হাজার হাজার ভক্ত। রাতভর চলে পুজো ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান। মধ্যরাতে বলি ও যজ্ঞের পর ভোরবেলা ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ।
পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায় ও তাঁর স্ত্রী, আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি, যুব সভাপতি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় পুজোকে কেন্দ্র করে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সাহেবগঞ্জ থানার পুলিশ এবং বিএসএফের কঠোর নজরদারির মধ্যেই সম্পন্ন হয় পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান।
স্থানীয়দের বিশ্বাস, ছিন্নমস্তা মায়ের কাছে মানত করলে পূর্ণ হয় মনস্কামনা। আর সেই বিশ্বাসকে ঘিরেই প্রতিবছর কৌশিকী অমাবস্যায় দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ছুটে আসেন এই ঐতিহ্যবাহী পুজোয়।
