কোচবিহার: ছয় দফা গুরুত্বপূর্ণ দাবি-সহ একাধিক দাবিতে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল ন্যাশনাল কাউন্সিল ফর আন এইডেড স্কুল অর্গানাইজেশন, কোচবিহার জেলা কমিটি।
বৃহস্পতিবার দুপুরে সংগঠনের সদস্যরা কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে উপস্থিত হয়ে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তাঁরা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে নিজেদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আন-এইডেড স্কুলগুলির বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁদের একাধিক দাবি রয়েছে। এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছয়টি দাবি হল— NOC-এর সময়সীমা বৃদ্ধি, জমি ও বিল্ডিং সংক্রান্ত ছাড়, হায়ার সেফটি সেলফ ডিক্লারেশনের ব্যবস্থা, বাস্তবসম্মত বেতন কাঠামো, PF ও ESI ছাড়াই NOC-এর ব্যবস্থা এবং জেলা স্তরে আলোচনা সভার আয়োজন।
সংগঠনের প্রতিনিধিদের দাবি, আন-এইডেড স্কুলগুলির বাস্তব পরিস্থিতি ও সমস্যাগুলি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দাবিগুলি নিয়ে আলোচনার জন্য জেলা স্তরে প্রশাসনের সঙ্গে বৈঠকেরও দাবি জানানো হয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের প্রতিনিধিরা জানান, তাঁদের আরও বেশ কিছু দাবি রয়েছে। তবে উল্লিখিত ছয়টি দাবি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত দাবিদাওয়া এবং আন-এইডেড স্কুলগুলির বিভিন্ন সমস্যা নিয়েই এদিন জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
