বিশ্বকর্মা পুজোয় এবার মোবাইল ফোনেরও পুজো, নজর কাড়লেন কোচবিহারের সমাজকর্মী শংকর রায়
ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের জীবনে মোবাইল ফোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আর সেই মোবাইলকেই বিশ্বকর্মা পুজোর অঙ্গ হিসেবে পুজো করলেন কোচবিহারের সমাজকর্মী শংকর রায়। নিজের পাশাপাশি পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবের মোবাইল ফোনও বিশ্বকর্মার আসনে রেখে পুজো করেন তিনি।
সাধারণত বিশ্বকর্মা পুজোয় গাড়ি, বাইক, কারখানার মেশিন, বিভিন্ন যন্ত্রপাতি ও লোহার সামগ্রী পুজো করার রীতি রয়েছে। তবে সময়ের সঙ্গে প্রযুক্তির গুরুত্ব বেড়ে যাওয়ায় মোবাইল ফোনকেও বিশ্বকর্মার পুজোর অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন শংকর রায়।
শংকর রায় জানান, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে নিয়মিত বিশ্বকর্মা পুজো করে আসছেন। প্রতিবছর নিজের গাড়ি ও বিভিন্ন যন্ত্রপাতির পাশাপাশি এবার বিশেষভাবে মোবাইল ফোনগুলিকেও পুজো করেন তিনি।
তাঁর কথায়, বর্তমান ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইল ফোন অনেকটা গুরুত্বপূর্ণ ডায়েরির মতো হয়ে উঠেছে। মোবাইলেই থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, তথ্য ও ব্যক্তিগত প্রয়োজনীয় ডেটা। এমনকি ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে গুগল, প্লে স্টোর, ফোনপে-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে মোবাইল ফোন সরাসরি যুক্ত।
তাই এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি যেন সুরক্ষিত ও ভালো থাকে এবং এর মাধ্যমে মানুষ যেন নির্বিঘ্নে প্রয়োজনীয় কাজ করতে পারেন, সেই প্রার্থনা করেই বিশ্বকর্মার কাছে মোবাইল ফোনগুলি উৎসর্গ করে পুজো দেন শংকর রায়। পুরোহিতের মাধ্যমে নিয়ম মেনে পুজোর পাশাপাশি তিনি নিজেও ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে মোবাইল ফোনগুলির পুজো করেন।
বিশ্বকর্মা পুজোয় এমন অভিনব উদ্যোগ স্বাভাবিকভাবেই নজর কেড়েছে স্থানীয়দের।
